
নকশা বহির্ভূতভাবে গড়ে ওঠা বহুতল ভবনের বিষয়ে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এর পাশাপাশি ছয় বছর আগে থেমে যাওয়া ৬ হাজার অবৈধ ভবনের বিষয়ে নতুন করে আবারও অনুসন্ধান করবে সংস্থাটি।
দ্রুত অনিয়ম-দুর্নীতির মাধ্যমে গড়ে ওঠা ভবনের বিষয়ে তথ্য দিতে এরই মধ্যে রাজউককে চিঠি পাঠিয়েছে দুদক।
দুদক কমিশন জানায়, রাজধানীতে অনিয়মের মাধ্যমে গড়ে ওঠা বহুতল ভবনের বিষয়ে ২০১৩ সালে অনুসন্ধান শুরু করেছিলো দুদক।
ছয় বছর পর এ অনুসন্ধান আবারও সচলের উদ্যোগ নিয়েছে দুদক। সম্প্রতি রাজউকের কাছে এসব ভবনের বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নকশা পরিবর্তন করে, এসব ভবনের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা রাজউক চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছেন দুদক সচিব।
দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতিয়ার জানান, ‘তালিকা যেটি আমরা পূর্বে পেয়েছিলাম, সেই তালিকায় আবৈধভাবে নির্মিত ভবন মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে কিনা, সেটিও জানা প্রয়োজন।’
দুদকের চিঠির বিষয়ে কয়েক দফা যোগাযোগ করার পরও এ বিষয়ে কথা বলতে রাজী হননি রাজউক চেয়ারম্যান। এ বিষয়ে গণপূর্তমন্ত্রী জানান, প্রয়োজনে হলে তদন্তের বিষয়ে দুদককে সহযোগিতা করা হবে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা চাই তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক। দুর্নিতীর কোন অভিযোগ থাকলে সেটার গভীরে যেয়ে তদন্ত হোক।
দুদক সচিব জানালেন, নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজউকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা তৈরির কাজও শুরু করেছে দুদকের গোয়েন্দা ইউনিট।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



