
জঙ্গি আস্তানা সন্দেহে, রাজধানীর মোহাম্মদপুরে বসিলায় মেট্রো হাউজিংয়ের একটি টিনশেড বাসায়, কমান্ডো অভিযান চালিয়েছে র্যাব। ভেতরে কতজন ছিল না নিশ্চিত করতে পারেনি র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি জানান, বোমার বিস্ফোরণে মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে কমপক্ষে দুজন জঙ্গি সেখানে ছিল বলে নিশ্চিত করেছেন।
আস্তানা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব মহাপরিচালক। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে কেউ জঙ্গিবাদে জড়ালে ছাড় দেয়া হবে না।
অভিযানের সময় কতজন সেখানে ছিল তা নিশ্চিত করতে না পারলেও এলিট বাহিনীর প্রধান জানান, বোমার বিস্ফোরণে ভেতরে সব মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
সোমবার সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যান র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট। র্যাব সদস্যরা এ সময় আস্তানা লক্ষ্য করে গুলি ছুড়েন।
আস্তানাটির তথ্য জানতে ব্যবহার করা হয় ড্রোন। ড্রোন দিয়ে জঙ্গি আস্তানার ভেতরের ও বাইরের অবস্থা জানার চেষ্টা করে র্যাব ইন্টেলিজেন্স শাখা। আনা হয় অত্যাধুনিক মেশিন, যা দিয়ে দূর থেকে আস্তানার ভেতরের শব্দ ও কথাবার্তা শোনা যায়।
এদিকে, র্যাব মহাপরিচালকের পরিদর্শনের পরপরই বাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবেই তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। বাড়িটি এই মাসেই ভাড়া নেয়া হয় জানায় র্যাব।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



