
রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী গুরুতর আহত হন। সাতক্ষীরা থেকে যমুনা সেতু অভিমুখী গ্রিন বাংলা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের আলাদিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন– সাতক্ষীরা জেলার পাটকেলঘাট গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী আসমা খাতুন ডলি (৩২), রওশন আলীসহ (৫০) অজ্ঞাত আরও দুজন পুরুষ।
আহতরা হলেন– রবিউল ইসলাম (২৬), আল আমিন (২৫), ইকবাল হোসেন (৩০), গোলাম মহিউদ্দিন খাজা (৫৫), আবুল হোসেনসহ (৫৭) অজ্ঞাত আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রামবাংলা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ নারী ও ২ পুরুষ মারা যান।
ঘটনার পর রাজবাড়ী-১ (সদর) আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাটিভি/প্রিন্স



