
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে বিশেষ নিরাপত্তা দেয়া হবে।
দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশকে অস্থিতিশীল করতে সাইট ইন্টেলিজেন্স এর প্রকাশিত এসব তথ্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। পুলিশ বসে নেই, তারা কাজ করছে এবং কোনও হুমকি ধামকিতে সরকার ভয় পায় না বলেও জানান মন্ত্রী।
কামাল বলেন, ‘আমাদের দেশেও এই জঙ্গী আক্রমণ হয়েছিল। এখনও তারা নানান ধরনের স্বপ্ন দেখে, নানান ধরনের চিন্তা করে। এই হুমকি-ধামকিতে আমাদের দেশের লোক ভয় পায় না।’
তিনি বলেন, যেসব বাংলাদেশি নাগরিক সন্ত্রাসী গোষ্ঠীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন,তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
তিনি আর ও বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। জঙ্গিবাদ দমন করা গেলেও এর মূল উৎপাটন করা সম্ভব হয়নি। এরাই মাঝেমধ্যে এই ধরণের হুমকি দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদের হুমকি বাংলাদেশের মানুষ ভয় পায় না। কারণ এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেই এ পর্যন্ত এসেছে।
জঙ্গিবাদের ঝুঁকি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/ফাতেমা



