
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আনা হয়েছে বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। বেলা ১১টায় শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শেষবারের মতো শ্রদ্ধ জানানো হয় তাকে।
শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সুবীর নন্দীর পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের শিল্পী সমাজ ও ভক্তরাও।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা জানান,এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে নেয়া হবে সুবীর নন্দীর মরদেহ। এরপর রামকৃষ্ণ মিশনে নেয়ার পর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালী মাতা মন্দির ও শ্মশানে আজ তার শেষকৃত্য হবে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মারা যান একুশে পদক প্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল ঢাকার সিএমএইচ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুবীর নন্দীকে। এর আগে ১৬ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সিএমএইচে নেয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্ট দেয়া হয়। দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন সুবীর নন্দী।
বাংলাটিভি/ফাতেমা



