বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

দুই মাসেরও বেশি সময় পর দেশে ফিরছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সুস্থ হয়ে আগামী ১৫ মে বুধবার দেশে ফিরছেন।
সেতু অধিদফতরের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ এ তথ্যটি নিশ্চিত করেন।
শেখ ওয়ালিদ জানান, ১৫ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট এ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের এপিএস মহিদুল হক জানান, রোববার ১২ মে সিঙ্গাপুর সময় সকাল সোয়া ১০টায় মোবাইল ফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দেশে যাওয়ার এ তারিখ ঠিক করেন ওবায়দুল কাদের।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী, এপিএস মহিদুল হক, সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ, ব্যক্তিগত কর্মকর্তা সুখেন চাকমা,ব্যক্তিগত ফটোগ্রাফার মনসুরুল আলম সহ ঘনিষ্ঠ কয়েকজন।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কাছেই একটি ভাড়া নেয়া অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি। এখান থেকেই নিয়মিত তার চিকিৎসক ডা. ফিলিপ কোহের চেম্বারে চেকআপের জন্য যাতায়াত করছেন।
গত ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সার্জারি করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। ডা. ফিলিপ কোহে এই চিকিৎসা বোর্ডের নেতৃত্বে ছিলেন।
বাংলাটিভি/ফাতেমা



