
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নাহার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৬ জুন দিন ধার্য করেছে আদালত।মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত ৬৫ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা।
রোববার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ধার্য করেন।
এর আগে গত বছরের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ সাগর রুনির হত্যা মামলার অগ্রগতির প্রতিবেদন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে দাখিল করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়।
এ মামলায় মোট আসামি ৮ জন। এরা হলো, রুনির বন্ধু তানভীর রহমান, বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
বাংলাটিভি/ফাতেমা



