
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদের করা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
এই আদেশের ফলে মওদুদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলাটি চলমান থাকবে বলেও জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।
আদালতে মওদুদের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
গত ৮ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহেমেদ।
৭কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।
বাংলাটিভি/ফাতেমা



