
তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৩৯জন নিখোঁজ ব্যক্তির নাম–পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।মানব পাচারে যুক্ত নোয়াখালীর তিন ভাইয়ের একটি চক্র ও মাদারীপুরের দু’জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৪ যাত্রীর সঙ্গে কথা বলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সম্পর্কে বিস্তারিত জেনেছেন।যে ৪জনের মৃতদেহ পাওয়া গেছে,তাঁদের ১জন বাংলাদেশি।তিনি হলেন শরীয়তপুরের নড়িয়ার উত্তম কুমার দাস।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার দুটি নৌকায় করে ভূমধ্যসাগর হয়ে প্রায় ১৩০ জন ইতালির উদ্দেশে যাত্রা করেন।এতে ১০০ জন ছিলেন বাংলাদেশের নাগরিক।এর মধ্যে একটি নৌকা নিরাপদে পৌঁছে যায় বলে জানা গেছে। অন্যটিতে ৭০ থেকে ৮০ জন ছিলেন।এই নৌকাটি দুর্ঘটনায় পড়ে।
পররাষ্ট্রমন্ত্রী তিউনিসিয়া থেকে পাঠানো বার্তার উদ্ধৃত করে জানান, উদ্ধার করা ১৪ জনের মধ্যে ৪জন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই ৪জনের মধ্য ২ জনের শরীরের বড় অংশ আগুনে পুড়ে গেছে।কারণ, এরা তেলে ড্রাম ধরে ভূমধ্যসাগরে ৭ থেকে ৮ ঘণ্টা ভেসে ছিলেন। অন্য ২জন আঘাতের কারণে আহত হয়েছেন।অন্য ১০জন তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের আশ্রয়শিবিরে আছেন।
বাংলাটিভি/ফাতেমা



