
ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে বেড়েছে অজ্ঞান পার্টির তৎপরতা। এমন অবস্থায় শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মোট ৬২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা-ডিবি।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের-ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মো.মাহবুব আলম।
এ চক্র সদস্যদের অধিকাংশকেই নিউমার্কেট,গুলিস্থান,জয়কালী মন্দির,ফকিরাপুল,কুড়িল বিশ্বরোড এবং উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিছ নকটিন,এপিট্রাসহ বিভিন্ন ঘুমের ওষুধ,ওষুধ মিশ্রিত জুস,খেজুর,৭টি চোরাই মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি বলেন, এই চক্রের সদস্যরা চা-পান, জুসসহ বিভিন্ন খাবারের সঙ্গে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে টার্গেট করা ব্যক্তিকে খাইয়ে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব কেড়ে নেয়।অজ্ঞান করার পর কেড়ে নেয়া মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণও দাবি করে চক্রটি।
তিনি আরও বলেন, আসামিদের মধ্যে নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে টার্গেট করে সখ্যতা স্থাপন করে। এরপর দলের অপর সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে ট্যাবলেট মিশ্রিত খাবার খাওয়ার অনুরোধ জানায়।
পুলিশ কর্মকর্তা বলেন, এক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা খাদ্যদ্রব্য হিসেবে, চা, কফি, জুস, ডাবের পানি, পান, ক্রিম জাতীয় বিস্কুট, ব্যবহার করে থাকে।
বাংলাটিভি/ফাতেমা



