
বুধবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন গন্তব্যে ঘরমুখো মানুষের পরিবহনের জন্য রেলের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।বুধবার থেকে দেয়া হচ্ছে ৩১ মের টিকেট।
রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রেলের এই অগ্রিম টিকেট বিক্রি বুধবার থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকিট বিক্রি করা হবে।
এবারই প্রথম অগ্রিম টিকেট ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, বনানী, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া থেকে বিক্রি করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্রতিবছরের তুলনায় এবার এখানে ভিড় তুলনামূলকভাবে একটু কম। কারণ হিসেবে টিকিট আগ্রহীরা জানান, এবার রাজধানীর ৫টি স্থানে টিকিট বিক্রির ব্যবস্থা নেয়ায় কমলাপুরে ভিড় একটু কম। অনেকেই জানান, তাঁরা গতকাল ইফতারির পর থেকেই লাইনে এসে দাঁড়িয়েছেন। সারা রাত রেলওয়ে স্টেশনেই নির্ঘুম রাত কাটিয়েছেন। সেহরিও এখানেই করেছেন।
গরমের মধ্যেও লোকজন কমলাপুরের ৮টি কাউন্টারের সামনে ভিড় করেছেন। নারীদের জন্য আলাদা একটি কাউন্টার রয়েছে। যাত্রীরা কাউন্টার বাড়ানোর কথা বলেছেন।
এ ছাড়া প্রতিবছর সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও এবার টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টা থেকে। যাত্রীদের দাবি, টিকেট বিক্রির সময় আরো এগিয়ে আনা উচিত।
এবার মোট ৭০ হাজার টিকিট বিক্রি হবে বলে জানানো হয়েছে। এর অর্ধেক বিক্রি হবে অনলাইন ও অ্যাপে। বাকি অর্ধেক রাজধানীর ৫টি জায়গা থেকে বিক্রি করা হবে। এর মধ্যে ভিআইপি কোটা ৫ শতাংশ এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে ৫ শতাংশ। সব মিলিয়ে মোট ২৮ হাজার টিকিট স্টেশন থেকে সরাসরি বিক্রি করা হবে।
বাংলাটিভি/ফাতেমা



