
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়, স্থানীয় সরকার বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সরকারি চার কর্মকর্তার রদবদল করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশে নির্বাচন কমিশনে-ইসি নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দিয়ে এই আদেশ জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদকে-ইসি সচিব থেকে সরিয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়াও পরিকল্পনা কমিশনের সদস্য-সচিব সুবীর কিশোর চৌধুরীকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান-সচিব শাহীন আহমেদ চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) কেএম আলী আজমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মুনশী শাহাবুদ্দীন আহমেদকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনাকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
বাংলাটিভি/ফাতেমা



