
রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরিত ককটেলটি আগে থেকেই পাতা ছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।একটি স্বার্থান্বেষী মহল জনমনে ভীতি ছড়াতে ও একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতেই রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান তিনি।
সকালে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহত রিকশা চালক লাল মিয়াকে দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন,‘মালিবাগ মোড়ে বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী ছিল। এটি একটি ইম্প্রোভাইজড ককটেল। আগে থেকেই তা গাড়িতে পেতে রাখা হয়েছিল।’
এসময় ডিএমপি কমিশনার বলেন, ‘একটি মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তারা পুলিশের মনোবল নষ্ট করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট ও বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, আগে থেকেই গাড়িতে ককটেল পেতে রাখা হয়েছিল।’
বাংলাটিভি/ফাতেমা



