
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।মামলার পরবর্তী তারিখ ১৭জুন।
এর আগে, গতকাল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। নুসরাতকে ২৭ মার্চ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের ওই ভিডিও ওসি নিজেই তার মোবাইলে ধারণ করেন বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার।
পিবিআই প্রধান আরও বলেন, ‘ইতোমধ্যে আমরা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছি।এরমধ্যে, এজাহারে যে অভিযোগ করা হয়েছে তার সত্যতা পাওয়া গেছে। সে অনুযায়ী আমরা তদন্ত প্রতিবেদন দিয়েছি।’
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষে এই প্রতিবেদন আদালতে দাখিল করেন পিবিআই সদর দফতরের সিনিয়র এএসপি রিমা সুলতানা।
২৭মার্চ রাফিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন।এমন অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন।
এতে মৌখিক অভিযোগ নেয়ার সময় দুই পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোন নারী বা তার আইনজীবী ছিলেন না। ভিডিওটি প্রকাশ হলে অধ্যক্ষ ও তার সহযোগীদের সঙ্গে ওসির সখ্যতার বিষয়টি স্পষ্ট হয়।
বাংলাটিভি/ফাতেমা



