
ছাত্রলীগের হামলাকে পরিকল্পিত মন্তব্য করে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক।বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কা জানান।
এ সময় তার ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নুরুল হক। নইলে দাঁতভাঙা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ডাকসু ভিপি বলেন, আমরা জানি ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। অথচ পবিত্র রমজানে হামলা করে প্রমাণ করছে যে তারা সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে।
তিনি বলেন, কিছু দিন আগেও তারা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে অগ্নিসংযোগ করেছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তারা সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
নুর বলেন, আপনারা দেখেছেন গত ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিল ছিল। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ইফতার মাহফিল প্রতিহত করা হয়। তখন আমরা রাস্তার পাশে বসে ইফতার করেছি। পরের দিন বগুড়ায় আমাদের ইফতার মাহফিল ছিল।
নুরুল হক জানান, ডাকসুর ভিপি হবার পর থেকে তার ওপর হামলা করা হচ্ছে। বারবার হামলা প্রমাণ করে দেশজুড়ে ছাত্রলীগের তাণ্ডব চলছে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে পাননি বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন ডাকসু ভিপি।
বাংলাটিভি/ফাতেমা



