
নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে ২৩ জুন নির্ধারণ করেছেন আদালত।
সকালে কেরাণীগঞ্জের অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ দিন ধার্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় খালেদা জিয়াকে আজ আদালতে হাজির করা যায়নি বলে জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এসময়, খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ তালুকদার।
উল্লেখ্য যে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় মামলাটি করে। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। এ মামলায় ১১ জন আসামির মধ্যে তিন জন পলাতক রয়েছে।
একই সঙ্গে খালেদা মামলার অন্য আসামিরা হলেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
বাংলাটিভি/ফাতেমা



