মন্ত্রীকে পাটকল শ্রমিকদের ধন্যবাদ, মন্ত্রীর প্রধানমন্ত্রীকে

বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের প্রায় ২৬ হাজার স্থায়ী শ্রমিক ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস পেয়েছেন। আর এই বেতন বোনাস পেয়ে খুশি দেশের পাটকল শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, এতো কিছু সম্ভব হয়েছে বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) ঐকান্তিক প্রচেষ্টায়।
এ বিষয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। তিনি দীর্ঘদিন ধরে পাটশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের দুঃখ কষ্টের কথা বিবেচনায় এনে প্রধানমন্ত্রী নিজস্ব উদ্যোগেই ঈদের আগে শ্রমিকদের মজুরি ও ঈদ বোনাসের ব্যবস্থা করেছেন। এজন্য, প্রধানমন্ত্রীকে পাট শিল্পের সঙ্গে জড়িত সকল শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই।’
ঈদ সামনে রেখে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে গত ২৭ মে ১৬৯ কোটি ১৪ লাখ টাকার ‘থোক বরাদ্দ’ দেয় সরকার। এর মধ্যে বৃহস্পতিবার (৩০ মে) শ্রমিকদের ১৬৯ কোটি ১৩ লাখ টাকা বকেয়া বেতন তাদের নিজস্ব ব্যাংক হিসাবে চলে গেছে। এতেই তাদের খুশির কথা জানিয়েছেন পাটকল শ্রমিকরা।
দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় নয় দফা দাবিতে আন্দোলন চলছিলো সারাদেশের পাটকল শ্রমিকদের।
বাংলাটিভি/পিয়াস



