
ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকাতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার শুরুর দিন থেকেই বেশ কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়ে। ঝড়বৃষ্টিসহ নানা করণে নির্ধারিত গন্তব্য থেকে ট্রেনগুলো কমলাপুর স্টেশনে ফিরে আসতে দেরি করে। ফলে কমলাপুর থেকেও বিভিন্ন গন্তব্যে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। খুব দ্রুতই শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রেলপথে বাড়ি ফেরা যাত্রীদের। বিশেষ করে ঈদ যাত্রার প্রথমদিন থেকেই উত্তরবঙ্গগামী ট্রেনগুলো দেরিতে ছাড়ছে। আজ রোববারও (২ জুন) পরিস্থিতির উন্নতি হয়নি। উত্তরবঙ্গের ট্রেনগুলো দুই থেকে চারঘণ্টা দেরিতে ছাড়ছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনেও দেখা গেছে ঘরমুখো মানুষের দুর্ভোগের চিত্র। ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটায় পরিবার পরিজন নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন অনেকে। কেউ হয়ত স্টেশনে এসেছেন সেহরির পরেই। সকাল গড়িয়ে গেলেও দেখা নেই ট্রেনের। ফলে কোনোমতে প্লাটফর্মে একটু বসার জায়গা করে নিয়ে সেখানেই অপেক্ষার প্রহর গুনছেন যাত্রীরা। খবরের কাগজ বিছিয়ে ক্লান্ত কোনো যাত্রী হয়ত কিছুটা ঘুমিয়েও নিচ্ছেন।
বাংলাটিভি/প্রিন্স



