
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির চরম ব্যর্থতা বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।
কাদের সাংবাদিকদের মাধ্যমে বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনাদের দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী কারাগারে বন্দি। আপনারা তাঁর মুক্তির জন্য রাজনৈতিকভাবে কী কর্মসূচি পালন করেছেন? আপনারা সরকার ও আদালতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পেরেছেন?
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠায়নি। আদালতের রায়ে তিনি সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আটক রয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি কোনো উত্তাপ সৃষ্টি করতে পারেনি।
বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের রাজনৈতিক স্পেস পাচ্ছে। তাদের কোনো কর্মসূচি পালনের বাধা দেওয়া হচ্ছে না। তারা স্বাধীনভাবে সব ধরনের কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে। তবে তাদের কর্মসূচি বাস্তবায়নের কোনো সক্ষমতা আছে কি না, এটা নিয়েই আমার প্রশ্ন।’
এ সময় তিনি অরো বলেন আমরা রাজনীতি থেকে বিদ্বেষমূলক শব্দগুলো পরিহার করতে চাই। বিদ্বেষের রাজনীতি ত্যাগ করে গঠনমূলক ইতিবাচক রাজনীতির ধারা চালু করতে চাই। এতে বিরোধী দলেরও এগিয়ে আসা উচিত।’
বাংলাটিভি/শহীদ



