বাংলাদেশ

ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

 

এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ

দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। ঈদগাহ পরিচালনা কমিটি ও জেলা প্রশাসন ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন করেছে। ঈদগাহ মাঠে মুসল্লীদের সেবা দিতে প্রস্তুত স্বেচ্ছাসেবক ও মেডিক্যাল টিম। যাতায়াতের জন্য থাকছে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন।

কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটি জেলা প্রশাসক ও সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, ‘এই ঈদ জামাতকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। দূর-দুরান্ত থেকে মুসল্লিরা আসবেন, এরজন্য বাংলাদেশ রেলওয়ে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। একটি হচ্ছে ভৈরব থেকে, অন্যটি হচ্ছে ময়মনসিংহ থেকে।’

২০১৬ সালে শোলাকিয়ায় জঙ্গি হামলা ও সম্প্রতি শ্রীলঙ্কাসহ বিশ্বের নানা স্থানে ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা মাথায় রেখে শোলাকিয়াতেও নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মাঠে নজরদারিতে এবারও ব্যবহার করা হবে ড্রোন, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের হাতে থাকছে অত্যাধুনিক স্নাইপার রাইফেল।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, ‘নিউজিল্যান্ড, শ্রীলঙ্কাসহ বাংলাদেশের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে লক্ষ করে এবারের নিরাপত্তা ব্যবস্থাকে অধিক হারে নিয়েছি।’

ময়মনসিংহ র‌্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন জানান, ‘পুলিশ প্রশাসনের পাশাপাশি র‌্যাব তার গোয়েন্দা নজরদারি জারি রেখেছে এবং সেই সাথে পর্যাপ্ত পরিমাণ ফোর্স এখানে মোতায়েন রাখা আছে।’

সকাল ১০টায় শুরু হওয়া জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button