
ঈদের দিন সকালে ফরিদপুর এবং লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
ফরিদপুরের ধুলদিতে বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। আর লালমনিরহাটে বড়বাড়ি স্মৃতিসৌধ এলাকায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
এস এ ট্রাভেলস পরিবহণের একটি বাস সকাল সাতটার দিকে ফরিদপুরের ধুলদি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। আহত হন ১৮ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহত পাঁচ বছরের এক শিশুর স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
এদিকে, সকাল ৬টায় লালমনিরহাটের বড়বাড়ি স্মৃতিসৌধ এলাকায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে স্মৃতিসৌধের প্রাচীরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হন। লালমনিরহাট হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। আহত ১০ জনকে লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/শহীদ



