
রাজধানীর সদরঘাটে লঞ্চের ঢেউয়ে পাঁচ যাত্রীসহ নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড।
সর্বশেষ সকাল সাড়ে ১০টার খবর অনুযায়ী তিনজনকে জীবিত উদ্ধারের কথা জানিয়েছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।
সদরঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান সকাল সাড়ে ৬টার দিকে ওয়াইজঘাট থেকে নদীর ওপারে যেতে যাত্রীবাহী একটি ডিঙ্গি নৌকা রওয়ানা দেয়। এ সময় লঞ্চের ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিশুসহ পাঁচ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে নৌ পুলিশের চৌকস টিম কাজ শুরু করে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের পরিচালক লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, সদরঘাটে নৌকা ডুবির ঘটনায় এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। তারা আপন ভাই-বোন। তাদের উদ্ধারে ডুবুরিদল কাজ করছে।
বাংলাটিভি/শহীদ



