
সাধারণত বর্ষা মৌসুমে রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। প্রতিদিনই রাজধানীর হাসপাতালগুলোতে ৯-১০ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন।
বর্ষা শুরু হতে না হতেই রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৬২ জন। এর মধ্যে মারা গেছে দুইজন। শুধু এ মাসেই আক্রান্ত হয়েছে ৩৯৬ জন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ডেঙ্গুর পূর্ব লক্ষণ হচ্ছে অনেক উচ্চ তাপমাত্রায় জ্বর আসবে। বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে। মাথা ব্যাথার সাথে সাথে সারা শরীরে ব্যাথা থাকতে পারে। এসব লক্ষণ দেখা দিলেই যতদ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়া।
ডেঙ্গু নিয়ে তেমন আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা ও সময়মতো সুচিকিৎসা দেয়া হলে ডেঙ্গু রোগ নিরাময় সম্ভব বলে জানান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. এইচ এম নাজমুল আহসান।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননভূমি ধ্বংসে নগরবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন ঢাকা দুই সিটি মেয়র।
বাংলাটিভি/শহীদ



