
বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস নোটে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বরগুনার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে বাংলাদেশ পুলিশ। ইতোমধ্যেই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দর সমূহকে নির্দেশনা দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র্যাব এবং ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট কাজ করছে।
পুলিশ কর্মকর্তা সোহেল রানা বলেছেন, আশা করছি, সকল আসামিকে শিগগিরই আইনের আওতায় আনা সম্ভব হবে। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সকলের প্রতি অনুরোধও করেছেন তিনি।
বুধবার সকাল ১০টার দিকে বরগুনা জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফ নামের এক যুবককে তার স্ত্রীর সামনেই রামদা দিয়ে কোপায় সন্ত্রাসীরা। এ সময় তার স্ত্রী বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু তাদের কোনোভাবেই থামাতে পারেননি তিনি।
সন্ত্রাসীদের এলোপাথারি কোপে গুরুতর আহত রিফাতকে প্রথমে বরগুনা সরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান।
বাংলাটিভি/পিয়াস মাহমুদ



