
রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি সড়কে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মত রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা।
সকাল থেকে কুড়িল, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়ার কয়েক জায়গায় জড়ো হয়ে কয়েক হাজার রিকশাচালক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামারুজ্জামান জানিয়েছেন। এই বিক্ষোভের কারণে প্রগতি সরণি হয়ে মালিবাগ থেকে রামপুরা হয়ে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ রয়েছে ।আন্দোলনরত রিকশা চালকরা ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন অবরোধ থেকে। প্রগতি সরণিতে রিকশা মালিকরাও অবরোধে যোগ দিয়েছেন।
এদিকে গুরুত্বপূর্ণ এই সড়কের বড় একটি অংশ বন্ধ থাকায় সকালে রাস্তায় বেরিয়ে অফিসগামী যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। আশপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন।
এর আগে সোমবারও মুগদা, মানিকনগর, মাণ্ডা, বালুরমাঠ ও কমলাপুর টিটিপাড়ায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা।
জাতীয় রিকশা ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী বলেন,যারা আন্দোলন করছে তারা সাধারণ রিকশাশ্রমিক ও মালিক। রিকশা তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী।
আমরা চাই অবৈধ রিকশা উচ্ছেদে অভিযান হোক এবং এই সিদ্ধান্ত প্রত্যাহার হোক। এ ব্যাপারে আমরা ১১ তারিখ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব।
বাংলাটিভি/শহীদ



