অঝোর বৃষ্টি থাকবে আরও দুইদিন

বর্ষার শুরুর দিকে বৃষ্টির দেখা না মিললেও, মাঝ সময়ে এসে ঢাকাসহ সারাদেশের অঝোর ধারায় বৃষ্টি ঝড়ছে। আজ সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে, রাজধানীবাসীর দুর্ভোগ চরমে ওঠে। বিপাকে পড়েন কর্মজীবি সাধারণ মানুষ। অনেক এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।
এদিকে, আগামী দুদিনেও এই বৃষ্টি থামবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়বিদ বজলুর রশিদ জানিয়েছেন, আগামী দুদিন একই রকম বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও ব্যাপক। বর্ষাকালীন মৌসুমী বৃষ্টির এই প্রভাব শ্রাবণের শুরুতেও থাকবে।
আবহাওয়া অধিদফতর বলছে, শুক্রবার ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়। এছাড়া, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে সর্বোচ্চ ১৬৫ এবং চট্টগ্রামে সর্বনিম্ন ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার বিকেল তিনটার পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বাংলাটিভি/ রিয়েল



