জনদুর্ভোগবাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে

 

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি নদী এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ি ঢলের কারণে বন্যা কবলিত জেলাসমূহে দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের সব ধরণের প্রস্তুতি রয়েছে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ।

শুক্রবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বন্যা মোকাবেলায় পূর্ব-প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা জানান।

 এ সময় মন্ত্রী বলেন অতিবৃষ্টির কারণে দেশের ৬৪টি জেলায় বন্যা মোকাবেলায় ১৭ হাজার ৫৫০ মেট্রিক টন খাদ্যশস্য ও দুই কোটি ৯৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬২৮টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে এবং এর মধ্যে ২৬টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে ৫২১টি পয়েন্টকে ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বন্যা-উপদ্রুত জেলাগুলোতে প্রথমে ২০০ মেট্রিক টন এবং পরে ৩০০ মেট্রিক টন খাবার পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক জেলায় দুই হাজার প্যাকেট উন্নতমানের শুকনো খাবার পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বন্যা কবলিত এলাকায় মেডিকেল টিম কাজ করছে।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রত্যেক জেলা প্রশাসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য-সচিব মো. নজিবুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, মহিলা ও শিশু বিষয়ক সচিব কামরুন নাহারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button