
হবিগঞ্জের মাধবপুরে ১৯টি মাদক মামলার আসামী আলী আকবরকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও সে একাধিকবার আটক হয়।
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান নাইম জানান, আটককৃত আলী আকবর মাধবপুর উপজেলায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে ১৯টি মামলা রয়েছে। মঙ্গলবার ভোররাতে সে পশ্চিম মাধবপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়।
একই দিনে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান অভিযান চালিয়ে ৮ মাদক মামলার আসামী কুদ্দুস খান কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কুদ্দুস খান গোয়াছনগরের মৃত রজব আলী খানের ছেলে।
মাদক আইনে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আজমিরুজ্জামান।
বাংলা টিভি/ শাহেল মাহমুদ



