বাংলাদেশ

বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা; মোকাবিলায় প্রস্তুত সরকার

বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা থাকলেও, তা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।  আর, বন্যার কারণে দেশে খাদ্য ঘাটতি হবে না, বলে আশ্বাস দিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  এদিকে, পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক জানিয়েছেন, বন্যা ও ঢলের কারণে ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামতে কাজ করছে মন্ত্রণালয়।  সকালে সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে, এসব কথা বলেন তারা।

সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য অধিবেশনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।  তিনি জানান, দেশে বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাড়ছে।  তাই বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাতনিরোধক টাওয়ার বসানোর ব্যাপারে বৈঠকে কথা হয়েছে।  এ ছাড়া, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকদের যথাযথভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

এসময়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে।  বন্যার কারণে কোনও খাদ্য সংকট হবে না।

একই স্থানে দ্বিতীয় কার্য অধিবেশনে নৌপরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্ণেল জাহিদ ফারুক জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত মেরামতের পাশাপাশি, নতুন বাঁধ নির্মাণের জন্যও পদক্ষপ নেওয়া হয়েছে।

এ সময়, উন্নত দেশগুলোতেও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো সম্ভব হয় না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button