
শুধুমাত্র রাজধানী ঢাকাতেই ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। চিকিৎসকসহ মারা গেছেন অন্তত এগারো জন। এবার ডেঙ্গুর প্রকোপ গেল কয়েক বছরের তুলনায় বেশি উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। ডেঙ্গু রোধে নগরবাসীর সচেতনতার ওপর জোর দিলেন তারা।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার মাধ্যমে যার সংক্রমণ ছড়ায়। অব্যবহৃত টায়ার, যত্রতত্র পড়ে থাকা ডাবের খোসা, ঘরের মধ্যে ফ্রিজের নিচে জমে থাকা পানি, ফুলদানি বা ফুলের টব। এসব স্থানেই মুলত এডিস মশা বংশ বিস্তার করে থাকে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এবার কেবল জুন মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭১৩ জন; যা বিগত তিন বছরের শুধু জুন মাসের তুলনায় ৫ গুণেরও বেশি। চলতি মাসের প্রথম চার দিনে ৩৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেঙ্গুর প্রতিষেধক হিসেবে দেশের ওষুধ খাতে ভ্যাকসিন যুক্ত করা হবে কি না তা নিয়ে আলোচনা হলেও সে ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকার পাশাপাশি জনসচেতনতার ওপর জোর দিলেন জনপ্রতিনিধিরা।
ডেঙ্গু জ্বর রোধে জনসচেতনতা বাড়াতে হবে একই সাথে এর প্রতিষেধক আবিষ্কারে চালাতে হবে নিরবচ্ছিন্ন গবেষণা এমনই অভিমত বিশেষজ্ঞদের।
বাংলাটিভি/শহীদ



