সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণেই জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে: শিক্ষামন্ত্রী

সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণেই এইচএসসিতে জিপিএ-৫ ও পাসের হার বেড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভা কক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় আগামী বছর থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি চালু করার ব্যাপারেও আশ্বাস দেন তিনি।
দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বোর্ডভিত্তিক ও সার্বিক ফলাফলের চিত্র তুলে ধরেন।
পরে এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সরকারের নেয়া নানা পদক্ষেপ ও শিক্ষার্থীদের প্রচেষ্টার কারণেই ফলাফল গত বছরের তুলনায় ভাল হয়েছে।
শিক্ষামন্ত্রী এসময় আরো জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এটি গুচ্ছ পদ্ধতিতে অথবা মেডিকেলের ভর্তি পরীক্ষার আদলে করার চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মতো সব ক্ষেত্রে জিপিএর স্কেল ৪ এ নিয়ে আসার পরিক্ল্পনার কথাও জানান দীপুমনি।
বাংলা টিভি/ আসাদ রিয়েল



