
জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজগঞ্জের কামারখন্দে আঙ্গুরী খাতুন (৩০) নামে এক গৃহবধুকে এসিড ছুড়ে মুখ ঝলসে দেয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে গৃহ বধুকে ঢাকা এসিড সার্ভার ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। এসিড সার্ভার ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রুনা লাইলা এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার রাতে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে এসিড সার্ভার ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
গৃহবধু আঙ্গুরী খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের শাহাদত হোসেনের স্ত্রী ও রায়গঞ্জ উপজেলার বাসুরিয়া গ্রামের জয়নাল আবদীনের মেয়ে।
গৃহবধু আঙ্গুরী খাতুনের পিতা জয়নাল আবেদীন বলেন, প্রায় ৩ বছর আগে শাহাদতের সাথে বিয়ে হয় আঙ্গুরীর। মঙ্গলবার রাতে আঙ্গুরীর শ্বশুর ফোন করে জানায়, আঙ্গুরী রাতে ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এসময় তাকে কে বা কারা এসিড ছুরে দৌড়ে পালিয়ে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হলে এসিড ফাউন্ডেশন আঙ্গুরীর পাশে দাঁড়ায়। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার এসিড সার্ভার ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, আঙ্গুরীর শ্বশুর, তার চাচাতো ভাই সুজাব আলী ও ভাতিজা আনোয়ার হোসেনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এঘটনায় প্রতিপক্ষের লোকজন গত ১৫ দিন আগে তাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে আঙ্গুরীর উপর এসিড হামলা হয়েছে বলে তিনি মনে করেন।
এসিড সার্ভার ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রুনা লাইলা বলেন, আঙ্গুরীর উপর পরিকল্পিত এসিড ছুরে মারা হয়েছে। তার মুখমন্ডল ঝলসে গেছে। আমরা তার পাশে দাঁড়িয়েছি। তার চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শামীমুল ইসলাম বলেন, আঙ্গুরীর মুখে এসিড অথবা ক্যামিকেল ছুরে ঝলসে দেয়া হয়েছে। পরীক্ষা করে বলা যাবে আসলে এসিড নিক্ষেপ করা হয়েছে কি না। তবে তিনি ভালো আছেন। ৭ শতাংশ ঝলসে গেছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তারা থানাতে কোন অভিযোগ বা মামলা করেনি । মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলা টিভি



