৬ মাসে সাগরপথে ইউরোপে গেছেন ১৯০ বাংলাদেশি

সরকারের নানা উদ্যোগ নেয়ার পরও বাংলাদেশিদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়া ঠেকানো যাচ্ছে না। মৃত্যুঝুঁকি উপেক্ষা করে চলতি বছরের ৬ মাসে ১৯০ বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছেন। এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন-এইচসিআর।
সংস্থাটির গত ১৮ ও ২০ জুন প্রকাশিত দুটি পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে ইতালিতে ৪৯৪ জন বাংলাদেশি প্রবেশ করেছেন। চলতি বছরের ৩১ মে পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে প্রবেশ করেছেন ১,৫৬১ জন। এর মধ্যে ১৪৫ জন বাংলাদেশি। এ সময় ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ হয়েছেন ৬৬৭ জন। সাগর পথে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে।
তবে এই সংখ্যা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশের কর্মকর্তারা। বাংলাদেশের রোম দূতাবাসের শ্রম উইংয়ের পরামর্শক (স্থানীয়) পদে দায়িত্বরত মো. আরফানুল হক বলেন, সমুদ্রপথে ইতালি পৌঁছানো মানুষের সংখ্যা এখন একেবারেই কমে এসেছে। তাই ইউএনএইচসিআর-এর এই হিসাব নিয়ে প্রশ্ন থেকে যায়। তিনি বলেন, ইতালির বর্তমান সরকার অবৈধপথে আসা অভিবাসীদের ব্যাপারে এখন খুবই কঠোর। এ জন্য অভিবাসন প্রত্যাশীরা নৌকায় ওঠার পর বা নৌকা থেকে তীরে নামার আগেই পরিচয় সংক্রান্ত সব নথি ফেলে দেয়। ফলে তাদের কাছে জাতীয়তা চিহ্নিত করার মতো কিছুই থাকে না।
বাংলাটিভি/ রিয়েল



