সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

সিরাজগঞ্জে ছেলেধরা সন্দেহে আলম শেখ (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান,পাইকপাড়া গ্রামের মোঃ আয়নাল,মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টার সময় সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আলম পৌর এলাকার গয়লা বটতলা এলাকার আব্দুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে আলম নামে ওই যুবক মাদ্রাসার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকারে গ্রামবাসী ও সব ছাত্ররা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ আহতাবস্থায় আলমকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু দাউদ জানান, ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত নেশার সাথে যুক্ত আছে।
বাংলা টিভি/ শাহেল মাহমুদ



