আওয়ামী লীগবাংলাদেশ

ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার:ওবায়দুল কাদের

 

আসন্ন ঈদের আগেই বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতি,বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক সংস্কার এবং সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

 এ সময় তিনি বলেন,দেশের জেলা-উপজেলায় বন্যায় যে সমস্ত রাস্তাঘাট, সড়ক-মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঈদের অন্তত এক সপ্তাহ আগেই সংস্কার শেষ করা হবে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি রাস্তাঘাটগুলোর সংস্কার কাজ তদারকি করবে।’

গুজব রটিয়ে যাতে গণপিটুনির মতো কোনো ঘটনা না ঘটে সরকার সে ব্যাপারে সতর্ক রয়েছে এবং এসব ব্যাপারে সতর্ক থাকতে সারাদেশে দলের নেতা-কর্মী ও সংসদ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশের দলীয় নেতাকর্মী ও এমপিদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মানুষকে সতর্ক ও সচেতন করতে সভা-সমাবেশ করেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা ঘটছে। এসব ঘটনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কিনা, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আশা করছি এ রকম পরিস্থিতি আর হবে না। পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

ডেঙ্গু প্রতিরোধে অতি অল্প সময়ের মধ্যে পার্শ্ববর্তী দেশ থেকে কার্যকর ওষুধ আনতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে ।এ বিষয়ে আমি ঢাকার দুই মেয়রকে আরও দায়িত্বশীল হতে বলেছি। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়রদের সঙ্গে আলোচনা করেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের বিষয়ে সিদ্ধান্ত দেবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন,৭ কলেজ অধিভুক্তির বিষয় শিক্ষার্থীদের যে আন্দোলন, এই আন্দোলনের বিষয়ে আমরা সজাগ রয়েছি। এই বিষয়টি প্রধানমন্ত্রীকে আমরা জানিয়েছি। তিনি আসলে বিষয়টি বিবেচনা করবেন। কিন্তু এর আগে তারা যেন রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট না দেয়, জনদুর্ভোগ সৃষ্টি না করে। সেই ব্যাপারে তাদের অনুরোধ করছি, তারা যেন ক্লাস ও পরীক্ষা বর্জনের পথ থেকে বিরত থাকে।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর স্বামী গুরুতর অসুস্থ তারপরও তিনি দু-একদিনের মধ্যে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কাজেই আলাপ-আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান করা যায়, সেখানে পথ অবরোধ করে জনগণকে দুর্ভোগে ঠেলে না দেওয়ার পরামর্শ আমি তাদের দিচ্ছি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button