
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, আর স্বাস্থ্য মন্ত্রণালয় সে দায়িত্বই যথাযথভাবে পালন করে যাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন অডিটরিয়ামে ডেঙ্গু জ্বর নিয়ে এক সেমিনারে এ দাবি করেন মন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এই সেমিনারের মুল বক্তব্য ছিলো ডেঙ্গুর চিকিৎসা এবং সুচিকিৎসা নিশ্চিতে করণীয়।
এসময় ডেঙ্গু রোগের বিভিন্ন দিক তুলে ধরেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার কাজী তরিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রোবোদ আমিন।
ঢাকা মেডিকেলে চলতি মাসের ২২ জুলাই ভর্তি ছিল ৪০৩ জন, ২৩ জুলাই ছিল ৪৭৩, ২৪ জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে। বর্তমানে ২০৮৫ জন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে বলে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
মশার প্রজনন ক্ষমতা বেশি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় বদ্ধ পরিকর।
মশা দমনে মানসম্পন্ন ওষুধ ব্যবহারে সিটি করপোরেশনকে পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



