সিরাজগঞ্জ ও জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিরাজগঞ্জ ও জামালপুরে আবারো বৃদ্ধি পেয়েছে পানি। নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা।
গত ১২ ঘন্টায় ৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে আবারো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা ও নদীভাঙ্গনে গত দুই সপ্তাহে জেলায় প্রায় ৩ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এতে জেলার ৫ উপজেলার ৩৯টি ইউনিয়ন, ৩টি পৌরসভা ৪শটি গ্রাম সম্পূর্ণ প্লাবিত হয়েছে। ১৫ হাজার ৯শ ৫৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪জন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল,নগদ টাকা ও শুকনো খাবার দেয়া হয়েছে। তবে এ ত্রাণ অপ্রতুল বলে জানায়, বানভাসী মানুষ। আবার অনেকে ত্রাণ পায়নি বলেও অভিযোগ করেছেন।
অন্যদিকে, জামালপুরে গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১০সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এতে প্লাবিত হচ্ছে নতুন সব এলাকা। বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ১৩ লাখ মানুষ। এ পর্যন্ত পানিবাহিত রোগসহ বন্যার পানিতে মারা গেছেন শিশুসহ ২২জন।
বাংলাটিভি/ রিয়েল



