সাঁওতাল পল্লীতে আগুন-হত্যা মামলায় আদালতে চার্জশিট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (২৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করা হয়। গাইবান্ধা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাই সরকার জানান, চার্জশিটে ৯০ জনের নামউল্লেখ করা হয়েছে।
আসামির তালিকায় গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, ইউপি সদস্য শাহ আলম ও আইয়ুব আলী এবং রংপুর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল হুদাসহ ৯০ জনের নাম রয়েছে বলে জানান আবদুল হাই।
আসামিদের মধ্যে ২৫ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া সাঁওতাল পল্লী থেকে লুট হওয়া কিছু ঢেউটিন ও মালামাল উদ্ধার করা হয়েছে।
২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক–কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিনজন সাঁওতাল নিহত হন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়ি।
বাংলাটিভি/প্রিন্স



