
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের ওষুধ কার্যকর হচ্ছে না, ডোজ বাড়িয়ে দেয়ার পরও ওষুধে কাজ হচ্ছে না।
আজ মঙ্গলবার হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে দুই সিটি করপোরেশন। ওষুধ নিয়ে সন্তুষ্ট নয় তারা।
এদিকে, ঢাকাসহ দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গতকাল বিকেল ৪টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৯৬ জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যালে একজন এবং বরিশাল শেরে বাংলা মেডিক্যালে আজও দুই জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে ডেঙ্গুতে এ নিয়ে মৃতের সংখ্যা আটজন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৭৮২ জন।
ডেঙ্গু শনাক্তে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রক্ত পরীক্ষায় অনিয়ম ও সরকার নির্ধারিত ফি না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
গতকাল রাজধানীর কয়েকটি ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালকে জরিমানা করা হয়েছে। আজ ল্যাব এইড ও ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষকে শুনানির জন্য ডেকেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মশক নিধন ওষুধ আমদানির জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থাকায় কার্যকর ও পরিবেশসম্মত ওষুধ আনতে সময় লাগছে বলে সোমবার জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তবে, এই সিন্ডিকেট ভেঙ্গে সিটি করপোরেশনই ওষুধ আমদানি করতে আগ্রহী বলেও জানান তিনি।
ডেঙ্গু সামাল দিতে রাজধানীসহ সারাদেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
বাংলাটিভি/শহীদ



