
রাজধানিসহ সারাদেশে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আর এসব রোগীদের সেবা দিতে হিমহিম খাচ্ছেন চিকিৎসকরা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রায় ১৪ হাজার। এর মধ্যে মারা গেছেন বেশ কয়েকজন। এসব রোগীদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন স্বজনরা ।
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন ১২জন। প্রতিরোধে নানাধরনের প্রস্তুতি নিচ্ছে দিনাজপুরের স্বাস্থ্য বিভাগ।
পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।মঙ্গলবার রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হলেও ২জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
শেরপুরে এ পর্যন্ত ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন ডেঙ্গু রোগী। ইতোমধ্যে ৯জন রোগী চিকিৎসা শেষে বাড়ী ফিরে গেলেও, একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ জন। এদের অধিকাংশই ঢাকায় আক্রান্ত।
পটুয়াখালীর ২৫০শয্যার হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
মেহেরপুরের গাংনীতে তিনজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
বাংলাটিভি/ রিয়েল



