
ডেঙ্গু টেস্টিংয়ের জন্য সরকার কয়েক লাখ কিটস বিদেশ থেকে আনবে। আজ রাতের মধ্যে ১ লাখ কিটস আসবে। আগামীকাল বাকিগুলো চলে আসবে।
মালয়েশিয়া থেকে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে এক সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় ডেঙ্গু রোগীরা বাড়িতে যাবে, ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছি।
সব সরকারি হাসপাতাল ডেঙ্গুর চিকিৎসা দিচ্ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতালে গিয়ে কোনো রোগী ডেঙ্গুর চিকিৎসা পাননি, এমন অভিযোগ আসেনি। কিন্তু বার্ন ইনস্টিটিউট, ডাইজেস্টিভ ইনস্টিটিটিউটের মতো কিছু হাসপাতাল আছে, যেগুলো উদ্বোধন করা হলেও চিকিৎসাসেবা এখনও শুরু হয়নি।
মন্ত্রী বলেন, ডেঙ্গুর রোগের প্রাদুর্ভাব বাড়লে ওইসব হাসপাতালে রোগী রাখার ব্যবস্থা করা হবে। এসব হাসপাতালে শয্যার ব্যবস্থা রয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণের সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব সরকারি সংস্থাগুলো কাজ করছে। আশা করছি, খুব অল্প দিনের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে চলে আসবে।
বাংলাটিভি/শহীদ



