জনদুর্ভোগবাংলাদেশ

ডেঙ্গু নিধনে বাসাবাড়িতেও অভিযান পরিচালনা করা হবে

 

নগরবাসীকে ডেঙ্গু থেকে রেহাই দিতে এবার বাসাবাড়িতেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল ইসলাম। এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এডিস মশা মুক্ত ঢাকা করতে চাই।

শুক্রবার  সকালে রাজধানীর উত্তরায় হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়ার্ডভিত্তিক বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশানিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন ।

 এ সময় মেয়র বলেন,প্রধানমন্ত্রী এডিস মশা নির্মূলে কাজ করে যাওয়ার জন্য সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা নিশ্চয়ই এডিসমুক্ত ঢাকা গড়তে পারি, দরকার শুধু সচেতনতা আর সামাজিক আন্দোলন। নিজ নিজ বাসা-বাড়ি, অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কোথাও ৩ দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। যেখানেই পরিত্যক্ত বালতি, কন্টেইনার, টব পাওয়া যাবে, সেগুলো উপুড় করে দিতে হবে।’

এডিস মশা নির্মূলে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ভবন পরিদর্শন করছে। এডিস মশার বংশ বিস্তারের অনুকূল পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেয়র বলেন, এডিস মশা নির্মূলে প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ৫৪টি ওয়ার্ডে আগামী সোমবার থেকে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করবে। এ কর্মযজ্ঞে প্রচুর স্বেচ্ছাসেবী দরকার হবে। যুব উন্নয়ন অধিদফতরের ৬০০ যুব ডিএনসিসিতে কাজ করবে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ডিএনসিসির ওয়ার্ড কমিটি ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউটস, সাধারণ ছাত্র-ছাত্রী, এলাকাবাসী এবং যুব সংগঠনসমূহকে তিনি একযোগে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডিএনসিসি এখন থেকে নিজেই মশার ওষুধ কিনতে পারবে। তবে এক্ষেত্রে ওষুধের মান সরকারের সংশ্লিষ্ট দফতরসমূহ নিশ্চিত করবে। শুধু ভারত নয়, আমরা যেকোনও দেশ থেকে বিশেষজ্ঞ পরামর্শ নিতে প্রস্তুত। আমাদের আন্তরিকতার কোনও কমতি নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক ফারুক আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button