ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিনে ভিন্ন চিত্র

ঈদুল আযহার আগাম রেলটিকিট বিক্রির পঞ্চম ও শেষ দিনে আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ছিল ভিন্ন চিত্র। গেল চারদিন এখানে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেলেও, আজ সে তুলনায় অনেকটাই ফাঁকা ছিল কমলাপুর। এদিন ৩৭টি ট্রেনের ২৭ হাজার ৮৫৫টি টিকিট বিক্রি হয় বলে জানান স্টেশন ম্যানেজার। টিকিট বিক্রিতে অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। তবে, লাইন-বাণিজ্যের অভিযোগ করেন টিকিট প্রত্যাশীরা।
গত চার দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে আজ দেখা গেল কিছুটা ভিন্ন চিত্র। লোকের ভিড় তেমন একটা না থাকলেও, টিকিট প্রাপ্তির অনিশ্চিতায় রাত থেকেই অপেক্ষায় ছিলেন লাইনে দাঁড়ানো ব্যক্তিরা। আজ দেয়া হয় ঈদের আগের দিনের- অর্থাৎ ১১ আগস্টের টিকিট।
দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে যেমন খুশী, তেমনি লাইন-বাণিজ্য নিয়েও নানা অভিযোগ করলেন এসব টিকিট প্রত্যাশীরা। আর এজন্য কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করলেন তারা।
বন্যাকবলিত এলাকাগুলোতে রেলসেবা দিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন, ষ্টেশন ম্যানেজার আমিনুল হক।
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ হবে- এমনটাই সবার প্রত্যাশা।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



