
রাত পেরুলেই মুসলমান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। আর তাই শেষ সময়ে লঞ্চ, বাস ও ট্রেন স্টেশন- সর্বত্রই ঘরমুখী মানুষের উপচেপড়া ভিড়। বাস,লঞ্চ সময়মত ছেড়ে গেলেও শিডিউল বিপর্যয়ের কারণে সমস্যায় পরেছে ট্রেনের যাত্রীরা। বেশির ভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে ৩ থেকে ১৮ ঘণ্টা দেরিতে। এতে করে যাত্রার শুরুতেই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের।
স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে রাজধানী ছেড়ে যাচ্ছে নগরবাসী। আর এ আনন্দযাত্রায়, সকাল থেকেই আজও রাজধানীর বাস-ট্রেন-লঞ্চ টার্মিনালগুলো মুখর ছিল ঘরমুখো মানুষের পদচারণায়।
যাত্রা পথের নানা বিড়ম্বনা মাথায় নিয়েই শেষ মুহূর্তে নিজ নিজ গন্তব্যে যেতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। এত কিছুর পরেও আপন জনের কাছে ফিরতে পেরে খুশি তারা।
এদিকে,ঈদের আগ মুহূর্তে ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীতে থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও ট্রেন না পেয়ে হতাশ যাত্রীরা। আশংকা বাড়ি ফেরা নিয়ে।
সময় মত ট্রেন না পাওয়ায় সব চেয়ে বেশি সমস্যায় পড়েছেন নারী ও শিশুরা।
তবে এত কিছুর পরেও নিরাপদে সুস্থ শরীরে প্রিয়জনের কাছে ফিরতে চায়, নাড়ির টানে ঘরে ফেরা এসব মানুষ।
বাংলাটিভি/শহীদ



