ঈদে কী পরিমাণ ডেঙ্গু ছড়িয়েছে জানতে সপ্তাহ দেড়েক সময় লাগবে

গত কয়েকদিন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের মতে, এটা সম্ভব হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদফতরের সমন্বিত প্রচেষ্টা এবং সাধারণ মানুষের সচেতনতার কারণে। বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটি শেষে লোকজন ঢাকায় ফেরার পর ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। তবে ঈদের সময় কী পরিমাণ ডেঙ্গু ভাইরাস সারাদেশে ছড়িয়ে পড়েছে, সেটা জানতে আরও এক-দেড় সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ঈদের ছুটি থাকায় গত কয়েক দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির হার একটু কম। আশঙ্কা করা হচ্ছে, ১০-১৫ দিন পর সারাদেশে আবারও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে।
সোমবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় (১৮ আগস্ট সকাল ৮টা থেকে ১৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১৫ জন। আগের দিনের তুলনায় যা ৫ শতাংশ কম। সারাদেশে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬ হাজার ৭৩৩ জন, যা আগের দিনের তুলনায় ৬ শতাংশ কম।তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। অর্থাৎ রোগীর হারে নিম্নগতি, আশা করছি এটা আর বাড়বে না।
যদিও গত শনিবার (১৭ আগস্ট) তিনি বলেছিলেন, ‘ঈদে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ রবিবার থেকে ঢাকায় ফিরবে। আগামী সাতটা দিন আমাদের জন্য চ্যালেঞ্জিং।’
সরকারি হিসাবে, সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৬ জন। আর গত মাসে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছিলেন ১৬ হাজার ২৫৩ জন।
বাংলাটিভি/পিয়াস মাহমুদ



