রোহিঙ্গা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ইতিবাচক: আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক

নরেন্দ্র মোদীর নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সম্প্রতি ঢাকা সফর করে গেলেন ড. এস জয়শংকর। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তার বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে, এ সফরে বাংলাদেশের বহু প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে স্পষ্ট বক্তব্য না পাওয়ায়, এর বাস্তবায়ন নিয়ে শঙ্কার কথা জানান তারা।
তিন মাস আগে নরেন্দ্র মোদীর নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার বাংলাদেশ সফরে আসা ড. এস জয়শঙ্কর গ্যাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নিরাপত্তা, কানেক্টিভিটিসহ নানা ইস্যুতে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। এতে প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানও পরিস্কারভাবে তুলে ধরেন জয়শংকর।
দেরিতে হলেও রোহিঙ্গা ইস্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে মিয়ানমারের কাছেও একই অবস্থান ব্যক্ত করাটাও জরুরি বলে মনে করেন তারা।
তবে বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে এই দুই বিশ্লেষকের রয়েছে ভিন্নমত। শিগগিরই এ চুক্তি হচ্ছে না বলে মত দেন তারা।
এ ছাড়া, ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়া বন্ধ করলে আসামের নাগরিকপঞ্জি নিয়ে কোনো উদ্বেগ থাকবে না বলেও মনে করেন, এ দুই বিশ্লেষক।
বাংলাটিভি/শহীদ



