
নারী অনুর্ধ্ব ১২ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ইউনিসেফ নারী ট্যালেন্ট হান্ট থেকে ১০ জন ফুটবলার বাছাই করেছে বাফুফে।
এরই মধ্যে সাফ নারী অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের জন্য এ কিশোরি ফুটবলারদের প্রস্তত করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।
এদিকে, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে, অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ইতিবাচক ফল পাবে বলে মনে করেন ছোটন।
সম্প্রতি অনুর্ধ্ব ১২ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ও ইউনিসেফের ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয়। যেখান থেকে বেশ কজন প্রতিভাবান ফুটবলার বাছাই করেছে বাফুফে।
আগামী ৯ অক্টোবরে ভুটানে অনুষ্ঠিত হবে সাফ নারী অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশীপ। আর এ টুর্নামেন্টের জন্যই নতুন ফুটবলারদের প্রস্তুত করছে বাফুফে। যেখানে সুযোগ পাওয়া কিশোরী ফুটবলাররা জাতীয় দলের ফুটবলারদের সান্নিধ্যে থেকে আরো বেশি পরিনত হবে।
এদিকে,আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপ। যা নারী অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বও বলা চলে।যেখানে অংশ নেবে বাংলাদেশসহ ৮টি দল। এ টুর্নামেন্ট থেকে সেরা তিনটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তাইতো আসরকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে ফুটবলাররা। অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশীপে উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া,জাপান ও অস্ট্রেলিয়াকে বেশ সমীহ করছে বাংলাদেশ।
বাংলাটিভি/শহীদ



