দালালের খপ্পরে পড়ে বিদেশে না যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

মুখরোচক কথায় দালালের খপ্পরে পড়ে বিদেশ না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কেউ যাতে দালালের ধোঁকায় না পড়ে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভায় এ নির্দেশ দেন তিনি। এসময় দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপরও জোর দেন শেখ হাসিনা।
সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬’র অধীনে গঠিত অভিবাসন বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগনকে সচেতন করার পরও বারবার ভুল পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে বিপদে পড়ছে অনেক বাংলাদেশী। তাই দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের প্রতি যত্নশীল হতে দূতাবাস গুলোকে নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে দেশের কর্মক্ষম যুবসমাজকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বাংলাটিভি/শহীদ



