
সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। জোগান বেশি ও দাম নাগালে থাকায় ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে ক্রেতার নজর ছিল ইলিশের দিকেই।
ছুটির দিনে কাঁচা বাজারে এমনিতেই ভিড় বেশি থাকে। তবে সকাল থেকেই কারওয়ান বাজারের মাছ বাজারে ক্রেতা সমাগম ছিল বেশি। বেশিরভাগের নজর ছিল ইলিশের দিকে। বাজারে ৫০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশই চোখে পড়েছে বেশি।
প্রতি কেজি ইলিশ নয়শ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর সাড়ে ৪শ থেকে ৫শ টাকায় পাওয়া যাচ্ছে ছোট ইলিশ। তবে রাজধানীর অন্য বাজারে ইলিশের দাম ছিল তুলনামূলক কম।
সাগর শান্ত হওয়ার পর জেলেরা ফিরছেন ট্রলারভর্তি ইলিশ নিয়ে। তবে নদীতে ইলিশ এখনো কম পাওয়া যাচ্ছে বলে দাবী মেঘনা পাড়ের জেলেদের।
জেলেরা বলছেন, সাগরের মোহনায় ইলিশ বেশি ধরা পড়ায় এবার নদীতে মাছ পাওয়া যাচ্ছে কম।
বাংলাটিভি/শহীদ



