জিয়াউর রহমানই গুম-খুনের রাজনীতি শুরু করেছিল

৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল ২০০১ সালে বিএনপি সেভাবেই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের এক আলোচনায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপিকে খুনীর দল উল্লেখ করে তিনি আরো বলেন, জিয়াউর রহমানই গুম-খুনের রাজনীতি শুরু করেছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৫ আগস্টের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা।
জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছিল- উল্লেখ ক’রে শেখ হাসিনা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর পদাঙ্ক অনুসরণ করে বিএনপি দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল।
জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের শেকড় বাংলার মাটি ও মানুষের সাথে জড়িয়ে থাকায় কোনো রাজনৈতিক দলই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারেনি বলেও, মন্তব্য করেন শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ



